বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অগ্নিসংযোগ ও পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী তৎপরতায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। সরকারের দুর্বলতার সুযোগে পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি পুরনো কায়দায় আবারও আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে মেতে উঠেছে। সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ কোনোভাবেই মেনে নেবে না। একই সঙ্গে সরকারের ব্যর্থতার কারণে তাদের সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকাও জনগণ বরদাশত করবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হবে।
মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, নায়েবে আমীর ডাক্তার ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, সরকার দেশে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক সংকট তৈরি করেছে। জুলাই সনদ উপেক্ষা করে তারা আবারও ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে। গণভোটের রায়কে অবজ্ঞা করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। নগ্ন দলীয়করণের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে শাসনব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য হুমকিস্বরূপ। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য সুদৃঢ় করার বিকল্প নেই। এজন্য অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বৈঠকে মহানগর জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য এবং বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



