বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সিসিকের বিদ্যুৎহীন ২৬ নম্বর ওয়ার্ড : বিপাকে সহস্রাধিক গ্রাহক

  • প্রকাশের সময় : ০৫/০৮/২০২৬ ১৯:০৯:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেট নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের বাবনা পয়েন্ট থেকে রেলগেইট পর্যন্ত এলাকায় ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে সহস্রাধিক গ্রাহক চরম বিপাকে পড়েছেন।


দূর্ভোগ কবলিতদের মধ্যে আবাসিক বাসিন্দাসহ রয়েছে বিপুলসংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থার ফলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।


স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ৪ আগস্ট মঙ্গলবার রাত দেড়টার দিকে প্রথমে ১টি লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকার সচেতন লোকজন স্থানীয় বরইকান্দি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে বিষয়টি জানালে কর্তব্যরতরা বৃষ্টির অজুহাতে সমস্যার সমাধানে গড়িমসি করেন। এর কিছু সময় পরেই বিকট শব্দে গোটা এলাকা অন্ধকার হয়ে যায়। 


এরপর থেকেই স্টেশন রোডের বাবনা পয়েন্ট থেকে রেলগেইট পর্যন্ত এলাকাটি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।


এ ব্যাপারে সিলেট বিভাগের দায়িত্বে নিয়োজিত চিফ ইন্জিনিয়ারের সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি।


এ বিষয়ে পিডিবি সিলেট-৩-এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অত্র এলাকার ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। নতুন ট্রান্সফরমার স্থাপন করতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। তবে দ্রুততম সময়ের মধ্যে ট্রান্সফরমার পরিবর্তন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছেন বলে তিনি আশ্বাস দেন।


এদিকে, অত্র এলাকার দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী অমিত সাহা এ প্রতিনিধিকে জানান, নষ্ট ট্রান্সফরমার প্রতিস্থাপন করার প্রক্রিয়া চলছে। তবে কখন বিদ্যুৎ সংযোগ পুনঃ চালু করা সম্ভব হবে, তা, এই মুহূর্তে বলা যাচ্ছে না।


এলাকার ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। পানির সংকট দেখা দিয়েছে, কারণ অধিকাংশ বাসাবাড়িতে মোটরের মাধ্যমে পানি তোলা হয়। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক পরিবারে রোগীরা স্বাভাবিকভাবে চিকিৎসা ও বিশ্রাম নিতে পারছেন না।


এছাড়া বিদ্যুৎ না থাকায় এলাকার ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। দোকানপাট, অফিস, ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


এলাকাবাসী দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স