কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, কর প্রদানে সকল নাগরিককে সচেতন হতে হবে। কর আইনজীবীগন কর অঞ্চলকে সমৃদ্ধ করতে নিষ্ঠার সাথে কাজ করছেন। আইনজীবীরাই পারেন করদাতাদের কর দিতে উৎসাহিত করে সরকারের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করতে। দেশের উন্নয়নে সঠিক সময়ে কর প্রদান করতে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলরুমে বদলি জনিত বিদায় উপলক্ষে কর আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজল কুমার রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত কুমার রায়ের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম ও উপ কর কমিশনার মো. আবু সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবু মো. আসাদ, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট মো. আবু ফজল, বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী (শেখর), আয়কর আইনজীবী মো. হাছনু চৌধুরী, মোহাম্মদ আলী খোকন, ইফতিয়াক হোসেন মনজু প্রমুখ।
এসময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও কর অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর কমিশনার মো. সাইফুল হককে সম্মননা ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়।




প্রতিদিন ডেস্ক



