সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের বেঁধে দেয়া সময়ের আদেশ অমান্য করে গভীর রাত পর্যন্ত ‘ইনডোর’ মাঠে চলছে খেলা! এনিয়ে উপজেলার সুশীল সমাজে দেখা দিয়েছে নানা প্রশ্ন? যুবসমাজ অসামাজিক কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে অজানা আতংক।
জানা যায়, চলতি বছরের আগস্ট মাসের ‘মাসিক আইনশৃঙ্খলা কমিটির’ সভায় রাতে বিশ্বনাথ উপজেলাধীন ইনডোর খেলার মাঠ পরিচালনা গ্রহণ প্রসঙ্গে বিস্তর আলোচনা হয়। আর এই আলোচনার ওপর ভিত্তি করে ১৭ আগস্ট একটি লিখিত আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
তাঁর এই আদেশে বলা হয় সরকার ঘোষিত বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবং যুব সমাজকে বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত রাখার প্রয়োজন। তাই উপজেলার সকল ইনডোর মাঠের খেলা রাত ১০ টার মধ্যে শেষ করতে হবে।
আর এই আদেশের কপি পৌরসভার প্রশাসক, অফিসার ইনচার্জ ও চেয়ারম্যানদের কাছে দেয়া হয়। এছাড়াও সদয় অবগতির জন্য সিলেটের জেলা প্রশাসকের কাছে অনুলিপিও প্রদান করা হয়েছে।
কিন্তু মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত এই আদেশ অমান্য করে গভীর রাত পর্যন্ত খেলা চালিয়ে যান ইনডোর মাঠ কর্তৃপক্ষরা। ফলে সম্প্রতি অভিভাবক, সুশিল সমাজ ও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন?
এনিয়ে বৃহস্পতিবারও (২৬ নভেম্বর) আইনশৃঙ্খলা সভায় এমন প্রশ্ন ধরে তুলেন পৌরসভা বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। ওই সভায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ অমান্য করে কিভাবে গভীর রাত পর্যন্ত ইনডোর মাঠে খেলা চলে? বিষয়টি প্রশাসনের নজরে নেয়ার জন্য তিনি অনুরোধ করেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এই প্রতিবেদককে বলেন, তার কাছে ইনডোর মাঠের কোনো তালিকা নেই। আর গভীর রাতে খেলা হলে টহল টিমের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য থানার ওসি সাহেবকে বলা হয়েছে বলে জানান।
জানতে চাইলে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, প্রশাসনের আদেশ অমান্য করে গভীর রাত পর্যন্ত আর খেলা চলতে দেয়া হবেনা। যারা আদেশ অমান্য করে ইনডোর খেলা চালাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।




বিশ্বনাথ প্রতিনিধি



