হাওর অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ সহনশীলতা ও প্রস্তুতি কর্মসূচির (হারপি) প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ ও পুন: সক্রিয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এডিএস-জার্মানীর অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন, হারপি প্রকল্প, ধর্মপাশা উপজেলা।
ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ম পরিচালক মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, ঢাকা আহ্ছানিয়া মিশন হারপি প্রজেক্টের কো-অর্ডিনেটর ছানোয়ার হোসেন খান পাঠান। এছাড়াও কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, যুবক সংঘনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা হাওর অঞ্চলের আকস্মিক বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় কমিউনিটি ঝুঁকি নিরুপন রিপোর্ট যাচাইকরণ শেষে বিভিন্ন দপ্তরের সাথে পুনরায় রিচেক করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।




ধর্মপাশা প্রতিনিধি



