সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মুজাহিদ মিয়াকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি পেশায় একজন উপজেলা স্বাস্থ্য সহকারী এবং ব্যবসায়ী না হওয়া সত্ত্বেও দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই শীর্ষ পদ আঁকড়ে আছেন। তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের বাসিন্দা।
জানা যায়, মুজাহিদ নিজ উপজেলায় স্বাস্থ্য সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত থাকায় সে সময় আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে তিনি যেনতেন ভাবে দায়িত্ব পালন করেছেন, এমনকি চাকুরিজীবী হয়েও বাদশাগঞ্জ বণিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হন। যা সরকারি আচরণবিধির পরিপন্থী। তাছাড়া বাজারের সাধারণ ব্যবসায়ীদের মতামত ও নেতৃত্বকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে একই ব্যক্তি সমিতির সভাপতি পদে বহাল রয়েছেন। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, অবৈধ পন্থায় তিনি দীর্ঘদিন যাবত বণিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা চাই, দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে বাদশাগঞ্জ বাজার বণিক সমিতি গঠন করে ব্যবসায়ী এ সংগঠনকে গতিশীল করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে বাদশাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মুজাহিদ মিয়া বলেন, আমি পদে থাকলেও সবসময় সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। তাছাড়া আমি গত ৩১ সেপ্টেম্বর চাকুরী থেকে অবসরে আসায় এখন যথাযথভাবেই দায়িত্ব পালন করছি।




ধর্মপাশা প্রতিনিধি



