একশ্রেণীর দুষ্টু অফিসারদের কারণে অন্যায়ভাবে হয়রানি হচ্ছেন জনসাধারণ বলে মক্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, আমরা জানি সেটেলমেন্টে মাঠ জরিপ কাজে কিছু অসৎ কর্মকর্তারা একজনের ভূমি আরেকজনের নামে লিখে দেন। এরকম ভূমিতেও হচ্ছে। তাঁরাও দিনকে রাত, রাতকে দিন করছেন। এসব আর চলবে না। সততা আর নিষ্টার সঙ্গে কাজ করতে হবে। সরকার আপনাদের বেতন বাড়িয়েছে। যাতায়াতে উন্নতমানের গাড়ি পেয়েছেন। সুতরাং জনগনের সেবায় দায়িত্ব যথাযতভাবে পালন করতে হবে।
সোমবার (১৪ মার্চ) সকাল ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হল রুমে মাধ্যমিক স্থরের শিক্ষার্থীদের আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদান বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে এখন দেশে কোন মানুষ না খেয়ে থাকে না। কোন মানুষ অন্ধকারে থাকে না, দেশ থেকে করোনা পরিস্থিতি বিদায় নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দামবৃদ্ধি বিদায় নিবে। সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিদর্শনকালে মন্ত্রী কাজের মান ভালো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ।




জগন্নাথপুর প্রতিনিধি



