শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় কথা কাটাকাটির জেরে যুবক খু*ন

  • প্রকাশের সময় : ০২/১০/২০২৬ ১৯:২৭:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে রাসেল আহমদ নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে এসএমপির দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


শুক্রবার (০২ অক্টোবর) বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল আহমদ (২৩) ওই এলাকার শারুক মিয়ার ছেলে।


স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুরমার সিলাম  গ্রামে শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েক দিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে শুক্রবার বিকেলে স্থানীয় চকের বাজারে রাসেলকে পেয়ে শেখ গোষ্ঠীর কয়েকজন যুবক ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর জের ধরে সিলাম এলাকায় শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানাপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এবিষয়ে এসএপির দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান ও মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এরশাদুল হক ভূইয়া হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।


 এদিকে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সরেজমিনে সিলাম এলাকায় গিয়ে দেখা যায়, ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স