অ্যান্টিগায় প্রথম টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজের সামনে শেষ দিনের ৭১ ওভারে ২৮৬ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। জ্যাক লিচের স্পিন ঘূর্ণিতে মাত্র ৬৭ রানে উইন্ডিজের ৪ উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগিয়ে তোলে সফরকারী ইংলিশরা।
তবে এনক্রুমাহ বোনার এবং জ্যাসন হোল্ডার পঞ্চম উইকেটে ৩৬ ওভার অবিচ্ছিন্ন ব্যাটিং করে ইংলিশদের জয়ের আশা পুরোপুরি শেষ করে ড্র নিয়ে মাঠ ছাড়ে। প্রথম ইনিংসে হার না মানা এক ম্যারাথন সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ড্র নিশ্চিত করে মাঠ ছাড়া বোনার হন ম্যাচসেরা।
এর আগে শেষ দিনের শুরুতে ব্যাটিং করতে নেমে রুটের শতকে আগের দিনের সঙ্গে ১৩৭ রান যোগ করে ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড। চতুর্থ দিন শেষে ২১৭/১ স্কোর থাকা ইংল্যান্ড ৬ উইকেটে ৩৪৯ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। আগের দিন জ্যাক ক্রলি সেঞ্চুরির পর শেষ দিন রুট নিজের ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি তুলে ১০৯ রানে থামেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৬৪ রানের লিড পাওয়া উইন্ডিজদের সামনে তখন লক্ষ্য দাঁড়ায় ২৮৬। ৭১ ওভারে সাড়ে চার করে জয়ের লক্ষ্যে না দৌড়ে ড্রয়ের দিকে মন দেয় উইন্ডিজরা। চার উইকেট হারানোর পর হোল্ডার-বোনার ৮০ রানের জুটি গড়েন। বোনার ৩৮ এবং হোল্ডার ৩৭ রান করে শেষদিন অপরাজিত থাকেন।
এর আগে অ্যান্টিগা টেস্টে টসে জিতে সফরকারী ইংল্যান্ড শুরুতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩১১ রানে থামে। দলটির পক্ষে জনি বেয়ারস্টো ১৪০ রান করেন। উইন্ডিজদের পক্ষে জ্যাডেন সিলস ৭৯ রানে ৪ উইকেট নেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বোনারের ৯ ঘণ্টার ম্যারাথন সেঞ্চুরিতে ৩৭৫ রানে থামে স্বাগতিক উইন্ডিজ। বোনার ৩৫৫ বলে ১২৩ রান করেন। ইংলিশদের পক্ষে ওভারটন, লিচ এবং স্টোকস ২টি করে উইকেট নেন।




স্পোর্টস ডেস্ক



