বসুন্ধরা কিংসের হয়ে নতুন মৌসুমে শুরুটা করে ছিলেন তার নিজের মত করেই। কিন্তু ইনজুরিতে থাকার কারণে কিংস মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ কে ফিরতে হচ্ছে নিজ দেশ ব্রাজিলে।
বাংলাদেশের ফুটবলের উন্নয়নে পেশাদারিত্বের জায়গায় আরও গুরুত্ব দেয়ার পরামর্শ তার। সুযোগ পেলে আবারও আসতে চান এই মিডফিল্ডার। ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব জানান তিনি।
গেল ২৪শে ডিসেম্বর স্বাধীনতা কাপে পুলিশ-বসুন্ধরা কিংসের ম্যাচ ছিল। কমলাপুর স্টেডিয়ামে কালো জার্সিতে রং ছড়াচ্ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার জোনাথন ফার্নান্দেজ। কিন্তু সে ম্যাচেই ঘটে জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা।
জোনাথন ফার্নান্দেজ জানান, আমি যখন পরে যাই, তখনো ভাবিনি এতো বড় বিপদ আমার জন্য অপেক্ষা করছে। গত মৌসুমে দারুণ খেলেছি, এই মৌসুমে আরও ভাল করার জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম। কিন্তু ভাগ্য সহায় হলনা। ইনজুরি আমাকে হতাশ করল।
কমলাপুরের বিতর্কিত টার্ফে খেলতে নেমে হাঁটু মচকে এসিএল ছিঁড়ে যায় জনাথনের। অস্ত্রোপচার করাতে হবে। তাই তাকে ফিরে যেতে হচ্ছে নিজ দেশে। তবে সুস্থ্য হলে আবারও এ দেশে ফেরার ইচ্ছে আছে তার।
মিডফিল্ডার বলেন, 'ফিরতে পারবো কিনা জানিনা! কিন্তু বাংলাদেশে আবারও ফিরে এলে ভাল লাগবে। সবাই আমাকে নিয়ে অনেক প্রশংসা করেছে। বসুন্ধরা কিংসের পক্ষে থেকে যে সহযোগিতা পেয়েছি তাতে আমি মুগ্ধ। তাছাড়া বাংলাদেশ আমার খুব ভাল লেগেছে। সুযোগ পেলেই ফিরতে চাই।
জনাথনের মতে, বাংলাদেশে অনেক মেধাবি খেলোয়াড় আছে, তবে তাদের আরও মনোযোগী হওয়া দরকার। সেই সাথে ফেডারেশন ও ক্লাবগুলোর খেলোয়াড়দের সম্পর্কে আরও ভাবার আছে। ফুটবলের ক্যালেন্ডার,সংগঠন,সংগঠক এবং ভাল মাঠ নিয়ে কাজ করা উচিৎ।
গেল দেড় বছরে ইংরেজিটা ভালই শিখেছেন জনাথন। সাথে বাংলাও শিখেছেন দু-চারটে! সোমবার রাতে ঢাকা ছাড়বেন এই ফুটবলার।




স্পোর্টস ডেস্ক



