শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কারা কী দিচ্ছে

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ০৭:১৯:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সাহায্য করার লক্ষ্যে ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

এরই মধ্যে কিয়েভের আবেদনের পর গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন। গ্রীসের প্রধানমন্ত্রীর অফিসের বরাতে জানা যায়, দুটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান সমরাস্ত্র নিয়ে পোল্যান্ড যাবে। সেখান থেকেই সেগুলো ইউক্রেনে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের মারিউপোল শহরের কাছে রাশিয়ার বোমা হামলায় ১০ গ্রীক নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার পরই এথেন্সের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়।

এদিকে, রাশিয়ার আক্রমণকে প্রত্যাখ্যান করার জন্য অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে যুক্ত হয়ে কিয়েভে গোলাবারুদ এবং গ্রেনেডসহ সামরিক সরঞ্জাম সরবরাহ করবে পর্তুগাল। এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। লিসবনের মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়, ইউক্রেনে ভেস্ট, হেলমেট, নাইট-ভিশন গগলস, গ্রেনেড এবং গোলাবারুদ পাঠানো হবে। এছাড়াও, অযৌক্তিক, অবৈধ এবং অগ্রহণযোগ্য রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেনকে সমর্থনের কথা জানায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জোয়াও ক্রাভিনহো।

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার লক্ষ্যে ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির প্রধানমন্ত্রী মরিসন এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জানিয়েছেন, ইউক্রেনের ক্ষেত্রে যা ঠিক, অস্ট্রেলিয়া সরকার সব সময় তার পক্ষে দাঁড়াবে। আমাদের ন্যাটো অংশীদারদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র দিয়ে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।

ফ্রান্স থেকেও ইউক্রেনের জন্য আসছে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম। এক টুইটে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। জেলেনস্কি টুইটে লিখেছেন, এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে কূটনৈতিক দিক থেকে নতুন দিনের শুরু হলো। আমাদের মিত্রদের কাছ থেকে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম ইউক্রেনে আসছে। যুদ্ধবিরোধী জোট কাজ করছে!

এদিকে, বুন্দেসওয়ের স্টক থেকে ইউক্রেনকে ১ হাজার অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র এবং ৫০০টি স্টিংগার সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। যাতে কিয়েভ রাশিয়ার বিরুদ্ধে নিজেদেরকে রক্ষা করতে পারে।

এছাড়া, ইউক্রেনে ৩ হাজার ৮০০ টন জ্বালানি সরবরাহ করতে সম্মত হয়েছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। পাশাপাশি ইউক্রেন সেনাবাহিনীকে ২ হাজার মেশিনগানও সরবরাহ করবে তারা। এদিকে, নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে ৫০টি প্যানজারফাস্ট-৩ অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র এবং ৪০০টি রকেট সরবরাহ করার ঘোষণা দেয়া হয়।

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে আত্মরক্ষার জন্য ১৮৮মিলিয়ন ক্রাউন (৮.৫৭ মিলিয়ন ডলার) মূল্যের অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর অনুমোদন দিয়েছে চেক রিপাবলিক সরকারও। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানায়।

এদিকে, ইউক্রেনে মোট ১১ মিলিয়ন ইউরো (১২.৩৯ মিলিয়ন ডলার) মূল্যের আর্টিলারি গোলাবারুদ এবং জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া সরকার। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জারোস্লাভ নাদ এমন তথ্য জানিয়েছেন। এসময় নাদ বলেন, ইউক্রেনের উদ্দেশ্যে পাঠানো চালানের মধ্যে থাকবে ১২০ মিলিমিটার ক্যালিবারের ১২ হাজার রাউন্ড গোলাবারুদ, ১০ মিলিয়ন লিটার ডিজেল জ্বালানী এবং ২.৪ মিলিয়ন লিটার বিমানের জ্বালানী।

ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তা দিতে যুক্তরাজ্যসহ ২৬টি দেশ একমত হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর মিত্রদেশগুলো।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স