সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সপ্তাহ নিখোঁজ থাকার পর পৃথক ঘটনায় দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত তিন যুবককে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আশারকান্দি ইউনিয়নে নয়াবন্দর এলাকার বাসিন্দা শৈলেন্দ চন্দ্র রায়ের ১৮ বছরের তরুণীকে উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি মশাজান গ্রাম থেকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উদ্ধার ও ঘটনায় জড়িত শ্রীরামসি গ্রামের আকরাম উল্যার ছেলে আলমগীর মিয়া (৩০) কে আটক করা হয়। ওই তরুণী গত ১৯ ফেব্রুয়ারি অপহরণের শিকার হয়।
অপরদিকে শুক্রবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে গত ১৮ ফেব্রুয়ারি রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের ধীরাজ বিশ্বাসের ১৭ বছর বয়সী অপহৃত তরুণীকে শুক্রবার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন জানান, শনিবার অপহৃত তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপহরণের সাথে জড়িত অভিযুক্ত যুবক আলমগীর মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুল্লাহ জানান, উপজেলার গন্ধবপুর গ্রাম থেকে নিখোঁজ তরুণীকে উদ্ধার করে ধর্ষণের আলামত আছে কীনা নিশ্চিত হতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় অপহরণের সাথে জড়িত বাগময়না গ্রামের গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া ও শ্রীমঙ্গল উপজেলার জালালীয়া উত্তর সুনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে কামাল হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।




জগন্নাথপুর প্রতিনিধি



