বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

আফগানদের ৩০৭ রানের টার্গেট ছুঁড়ে দিলো টাইগাররা

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০৩:৪৯:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ১ রানে আউট হয়ে সমর্থকদের হতাশ করেন লিটন দাস। টাইগার ওপেনারের রঙহীন পারফরম্যান্সও বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসের প্রশংসা কুড়ানোর অন্তরায় হয়নি। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে রোডস বলেছিলেন, আগামী দশ বছরে বাংলাদেশ ক্রিকেটে তিন ফরম্যাটের সবচেয়ে বড় তারকা হবেন লিটন দাস। সাবেক কোচের মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরস হলেও দ্বিতীয় ম্যাচেই নিজেকে প্রমাণ করলেন লিটন। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিরলেন ১৩৬ রান নিয়ে। লিটনের আলো ছড়ানো পারফরম্যান্সের দিন অভিজ্ঞ মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে। মিস্টার ডিপেন্ডেবল খেলেছেন ৮৬ রানের কার্যকরী ইনিংস। দুই ব্যাটারের অনবদ্যতায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৩০৬ রানের বড় সংগ্রহ। সিরিজ রক্ষা করতে আফগানিস্তানকে ৩০৭ রান করতে হবে।

লিটন ১৩৬, মুশফিক ৮৬

ধীর গতিতে ক্রিজে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। তবে সুবিধা করতে পারেননি কেউই। তামিম ১২ রানে সাজঘরে ফেরার পর সাকিব ক্রিজ ছাড়েন ২০ রানে। চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে বিপর্যয় সামাল দেন মুশফিকুর রহীম। দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ পায় ২০২ রানের জুটি। লিটন ক্যারিয়ারের ৫ম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান। ১২৬ বলে ১৩৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ১৬ চার ও ২ চারে। ৯৩ বলে ৮৬ রান করে আউট হন মুশফিক।

৫ম সেঞ্চুরি লিটনের

রশিদ-মুজিবদের স্পিন জাদু কিংবা ফজল হক ফারুকির পেস- কোনো কিছুই আজ দমাতে পারেনি আগের ম্যাচে মাত্র ১ করা লিটন দাসকে। টাইগার ওপেনার আগের ম্যাচের স্কোরের পেছনে দুটি শূন্য যোগ করে ছুঁয়েছেন সেঞ্চুরির কোঠা।

ক্যারিয়ারের ৫ম ওয়ানডে সেঞ্চুরি (১০২*) হাঁকাতে ১০৮ বলে ১৪টি চার মেরেছেন লিটন। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেলেন লিটন। এর আগে একমাত্র তামিম ইকবালই এই কীর্তি দেখিয়েছেন।

লিটন-মুশফিকের অনবদ্য জুটিতে ৪১.২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৪ রান।

২ উইকেট ২শ পার বাংলাদেশের

প্রথম ম্যাচে ৪৫ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে সপ্তম উইকেটে টাইগারদের মাসিহা হয়ে উঠেছিলেন মিরাজ-আফিফ। দ্বিতীয় ম্যাচে ধীরে-সুস্থে শুরু করলেও বেশিদূর এগোতে পারেননি তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। এরপর তৃতীয় উইকেটে লিটন দাস এবং মুশফিকুর রহীম মিলে ইনিংস বড় করছেন। ২ উইকেটে ইতোমধ্যেই ২০০ রান অতিক্রম করেছে বাংলাদেশ।

৩৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৭ রানঅ। ৯২ বলে ১২ বাউন্ডারিতে ৮৫ রান নিয়ে ক্রিজে আছেন লিটন দাস। ৬৭ বলে ৭ চারের মারে ৫৯ রান নিয়ে লিটনকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মুশফিক।

লিটনের ফিফটি

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীহীন ব্যাটিংয়ে হতাশ করেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। প্রথম চার ব্যাটারের মধ্যে সর্বনিম্ন সংগ্রহ ছিল লিটন দাসের, ৮ বলে ১ রান। আগের ম্যাচের ব্যর্থতা ঘুচিয়ে টাইগার ওপেনার হাঁকালেন দুর্দান্ত ফিফটি।

৬৫ বলে ৮ বাউন্ডারিতে ৫৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন লিটন। লিটনের সঙ্গী ২২ বলে ১৯ করা মুশফিকুর রহীম।

২৪.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১।

সাকিবকে ফিরিয়ে রশিদের প্রতিশোধ

সিরিজের প্রথম ওয়ানডেতে রশিদ খানকে শূন্য হাতে ফিরিয়ে ছিলেন সাকিব আল হাসান। টাইগার স্পিনারের ঘূর্ণিতে বোল্ড হয়েছিলেন আফগান বোলার। এবার স্পিন জাদুতে সাকিবকে সাজঘরের পথ দেখিয়ে পুরনো হিসাব মেটালেন রশিদ।

১৫.২ ওভারে রশিদ খানকে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাকিব। সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ২ বাউন্ডারিতে ২০ রান করেন সাকিব। ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান।

লিটন-সাকিবের দৃঢ় ব্যাটিং

২.৪ ওভারেই লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন লিটন দাস। জোরালো আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে ফজলুল হক ফারুকি নিয়েছিলেন রিভিউ। তাতেও লিটনকে সাজঘরে ফেরানো সম্ভব হয়নি। এরপর বাজে শটে আফগানিস্তানের বেখেয়ালি স্লিপিংয়ের ফাঁদেও রক্ষা হয় টাইগার ওপেনারের। দুবার সুযোগ পেয়ে ইনিংস বড় করার প্রচেষ্টায় দৃঢ় হাতে ব্যাট করছেন লিটন। প্রথম ওয়ানডেতে মাত্র ১ রানে আউট হওয়া এই ব্যাটারের সঙ্গী সাকিব আল হাসানও খেলছেন ধীরে-সুস্থে।

দলীয় ৩৮ রানে তামিম ইকবাল সাজঘরে ফেরেন। এরপর সাকিব-লিটন জুটিতে এগোচ্ছে বাংলাদেশ। ১৪.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৯ রান। লিটন ৩২ বলে ২৬ এবং সাকিব ৩১ বলে ১৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

সাবধানী ব্যাটিংয়েও থিতু হতে পারলেন না তামিম

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। তামিম ইকবাল ও লিটন দাসের ওপেনিং জুটি ভেঙেছিল মাত্র ১৩ রানে। প্রথম ম্যাচের ব্যর্থতা ঘোচাতে এবার বেশ সাবধানী ব্যাটিং করছিলেন তামিম এবং লিটন। ধীরে ধীরে খেলা ইনিংসে দুজনের সংগ্রহ ৩৮ রান। তবে সাবধানী ব্যাটিংয়েও উইকেটে থিতু হতে পারলেন না তামিম।

৬.২ ওভারে ফজল হক ফারুকির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে রিভিউ নেন টাইগার অধিনায়ক। তবুও হয়নি শেষ রক্ষা। ফেরার আগে ২৪ বলে ২ বাউন্ডারিতে তামিমের সংগ্রহ ১২ রান।

৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৩ রান বাংলাদেশের। ক্রিজে রয়েছেন লিটন (১৫ বলে ১৩) এবং সাকিব আল হাসান (৩ বলে ৫)।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে ওয়ানডে লড়াই শুরু করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বেলা ১১টায় আফগানদের মোকাবিলা করবে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

আজ জিতলেই ইংল্যান্ডকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে সুপার লীগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ।

উইনিং ইলেভেন নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে তিনটি পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর মিশনে নামবে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজি এবং গুলবাদিন নায়েবের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ এবং আজমতউল্লাহ উমরজাই।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রিয়াজ হাসান, রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ এবং ফজল হক ফারুকি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স