তড়িগড়ি করে সংবাদ সম্মেলনের আগেই সিলেট জেলা কৃষকলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলা শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজমান থাকায় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাভ. উম্মে কুলসুম স্মৃতি এমপি'র নির্দেশক্রমে বুধবার সিলেট জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
এদিকে, ঐদিনই সিলেট জেলা কৃষক লীগকে ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম অভিযোগ করে বলেন, সিলেট জেলা কৃষক লীগকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করছেন কেন্দ্রীয় দুই নেতা ও স্থানীয় এক সংসদ সদস্য।
তিনি অভিযোগ করে বলেন, জেলা কৃষক লীগের কমিটিকে তাদের পকেটে ঢুকাতে তারা গঠনতন্ত্রের পরিপন্থি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সিলেট জেলা কৃষক লীগকে রক্ষায় তিনি সাংগঠনিক নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরের একটি অভিজাত রেষ্টুরেন্টে সিলেট জেলা কৃষকলীগ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমেদুর রব, প্রচার সম্পাদক আবুল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, সিলেট সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া ও সাংগঠনিক সম্পাদক কাচা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও এর আগেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সিলেট জেলা কৃষক লীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।




প্রতিদিন প্রতিবেদক



