হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে ডাকাতির সাথে জড়িত থাকার দায়ে কুখ্যাত ডাকাত জুয়েল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
ডাকাত জুয়েল উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত দোয়াখানী মহল্লার মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বানিয়াচং থানার ওসি এমরান হোসেনের দিকনির্দেশনায় থানার এসআই (নিঃ) শামছুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, এএসআই সাদ্দাম হোসেন ও এএসআই তোহার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার থেকে কুখ্যাত ডাকাত জুয়েলকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গত রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ রোডের শুটকি নামক স্থানে একটি ডাকাতি সংগঠিত হয়। ডাকাতারা হবিগঞ্জ চৌধুরী বাজারের আলু ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার ম্যানেজার বিক্রম শুক্লবৈদ্যকে মারধর করে নগদ ৪লক্ষ টাকাসহ ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় ।
পরবর্তীতে বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা রুজু করে থানা পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার ডাকাত সরদার ফজলু মিয়াকে গ্রেফতার করে। পুলিশের নজরে থাকা ডাকাত জুয়েলকে এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করে।
তিনি আরো জানান, ডাকাত জুয়েলের বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডাকাত জুয়েল মিয়াকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।




বানিয়াচং প্রতিনিধি



