সাভারে স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন আনোয়ার হোসেন (৩০)। এ ঘটনায় ঘাতক তারা বানুকে আটক করলেও পলাতক রয়েছে তিন ভাড়াটে সন্ত্রাসী। নির্মম এই হত্যাকাণ্ডটি ঘটেছে রাজধানী ঢাকার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায়।
নিহত আনোয়ার হোসেন গান্ধারিয়া এলাকার আবুল কাসেম ভুঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার স্ত্রী তারা বানুর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে স্ত্রী তারা বানু স্বামীকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য বাড়ির পাশের তিন সন্ত্রাসী আকাশ, সাব্বির ও হৃদয়কে ভাড়া করেন। এসময় ওই তিন সন্ত্রাসী আনোয়ার হোসেনকে বাড়িতে গিয়ে স্ত্রীর সামনেই এলোপাথারিভাবে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক স্ত্রী তারা বানুকে আটক ও নিহতের লাশ উদ্ধার করে। এঘটনার পর থেকেই পলাতক রয়েছে তিন ভাড়াটে সন্ত্রাসী।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ঘাতক স্ত্রীকে আটক করা হয়েছে ও হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিনজনকে আটকের চেষ্টা চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।




প্রতিদিন ডেস্ক



