সিলেটে ফেনসিডিলসহ যুবদল নেতা জি এম আব্বাস উরফে বাপ্পী (৩৪) ও বাবুল মিয়া (৪৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বড়শালাস্থ বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জি এম আব্বাস উরফে বাপ্পী সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও কানাইঘাট উপজেলার নন্দীরাই গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ থানার খিদিরপুর (দত্তগ্রাম) এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত বাবুল হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। বর্তমানে তিনি বিমানবন্দর থানার গোয়াইপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট স্থাপন করে বড়শালাস্থ বাইপাস পয়েন্টে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও TOYOTA PREMIO মডেলের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ( নং-১২, তাং-১৫/০২/২০২২) দায়ের করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



