এবারের বিপিএলে মাঠের বাইরের ঘটনার কারণে সবচেয়ে আলোচিত দুই ফ্র্যাঞ্চাইজি সিলেট সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বারবার অধিনায়ক বদল, একাদশ সাজানো নিয়ে রহস্য, বল টেম্পারিং, সেরা বোলারকে দিয়ে বোলিং না করানোর মতো বিচিত্র সব ঘটনা তারা ঘটিয়েছে।
সন্দেহের চোখে দেখা হচ্ছে তাদের এসব কার্যক্রম। জোর গুঞ্জন, স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিং হচ্ছে বিপিএলে। তবে প্রমাণ না মিললে শেষাবধি সেটা সন্দেহতেই থেকে যাবে।
আজ এ দুদলের ম্যাচ ঘিরে সন্দেহ একটু বেশিই। নয় ম্যাচে এক জয়ে সিলেট আগেই ছিটকে গেছে। আর কিছু পাওয়ার না থাকলেও অনেকেই সন্দেহ করছেন, তারা চাইলেই আর্থিকভাবে কিছু পেতে পারে শেষ ম্যাচ থেকে। কারণ চট্টগ্রামের সম্ভাবনা শেষ হয়ে যায়নি শেষ চারে যাওয়ার।
কিছু খেলোয়াড়কে সব সময় সন্দেহের দৃষ্টিতে দেখা হয়। এই তালিকায় সিলেটের ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা রয়েছেন সবার উপরে। তার কার্যক্রম সন্দেহজনক।
সিলেটে প্রথম অধিনায়কত্ব করতে নেমেই বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শাস্তি পান তিনি। তবে ফিক্সিংয়ের কোনো ঘটনার অভিযোগ প্রমাণিত হয়নি তার বিরুদ্ধে।
আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ও সিলেট। জিতলেই চট্টগ্রামের শেষ চারে যাওয়া অনেকটা নিশ্চিত।
চট্টগ্রামের প্রথম অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব হারানোর পর অনেক কিছুর ইঙ্গিত দিয়েছিলেন।
দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ চারে যেতে খুলনার সামনে জয়ের বিকল্প নেই।
শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হওয়ায় কুমিল্লা যদি ম্যাচটিকে হালকাভাবে নেয় তাতে খুলনার সম্ভাবনা প্রবল থাকবে।




স্পোর্টস ডেস্ক



