শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে এই বৈঠক শুরু হয়।
শাবির সাম্প্রতিক ভিসি বিরোধী আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নানা অভিযোগ এবং শিক্ষকবৃন্দের অভিমত জানতেই এই বৈঠক।
এর আগে শিক্ষামন্ত্রী সিলেট সার্কিট হাউসে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ জন প্রতিনিধির সাথে প্রায় সাড়ে তিন ঘন্টার এক ম্যারাথন বৈঠকে মিলিত হয়েছিলেন।
বৈঠক শেষে উপস্থিতি গণমাধ্যম কর্মীদের তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের সমস্যা বা তাদের বক্তব্যগুলো আমি শুনেছি। তাদের দাবি দাওয়ার অনেকগুলো পুরণ হয়েছে। অন্যগুলোও আমরা পুরণ করবো।
ভিসির পদত্যাগের ব্যাপারে তিনি বলেন, সেটি বিশ্ববিদ্যালয় আচার্যর হাতে। আমি শিক্ষার্থীদের বক্তব্যগুলো আচার্যকে জানাবো। চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি।
এদিকে আজ সন্ধ্যা পর থেকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হচ্ছে বলে জানিয়েছেন আমাদের শাবি প্রতিনিধি দেলওয়ার হোসেন।




প্রতিদিন প্রতিবেদক



