শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার।জনগণের সরকার। জনগণের কল্যানে কাজ করে। একইভাবে শিক্ষাবান্ধব সরকার। এই সরকার সারাদেশে শিক্ষার জন্য কাজ করেছে। সরকার শিক্ষার উন্নয়নে অপ্রতিরোধ্যগতিতে কাজ করছে। যে অর্জন আছে সেই অর্জনের মূল নেতৃত্ব দিয়েছিলেন সিলেটের সন্তান ও সাবেক শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। তাঁর ধারবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে তা নিরসনে আমরা সরকারের পক্ষ থেকে যা যা করার তা আমরা করেছি। সকলের আন্দোলনের দাবি-দাওয়ায় এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন যে সমস্যা হয়েছে তা সবাইকে সাথে নিয়ে সমাধান করা হবে। আন্দোলন চলাকালে অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে। হঠাৎ করে একটা কিছু করে যে সমাধান করা হবে তাও না। কিছুকিছু সমস্যা সব বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এখানেও একটা সমস্যা হয়েছে।তা সমাধান হয়ে যাবে বলে আশা করছি।
মন্ত্রী বলেন, সিলেটে এসেছি কয়েকটি বিষয়ের জন্য। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলো দেখা। আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন।তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এসেছি। সেখানে কিছু প্রশাসনিক কাজকর্ম আছে সেগুলো দেখবো। সিলেটের জন্য আলাদা একটা টান রয়েছে। আমরা যে যেখানে থাকি না কেন আমাদের মনের মধ্যে একটা টান থাকে। এখানে মাজারে আসা। সিলেটে এসেছি যখন মনের মধ্যে সেটাও থাকে। এই বিষয়গুলোর জন্য মূলত সিলেট আসা। তাছাড়া সিলেট যে আসবো তার সিদ্ধান্ত হয় হুট করে। তারপ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা করে সবকিছু ঠিক করা। পূর্ব প্রস্তুতি ছিল না তাই অনেকটা বিব্রতবোধ করেছি। কিন্তু ধন্যবাদ জানাই আমাদের নেতৃবৃন্দকে কম সময়ে এতো আয়োজনের জন্য।
সাংগঠনিক কাজের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সামনে উপজেলা নির্বাচন। ২ বছরের মধ্যে জাতীয় নির্বাচন আছে । সেই নির্বাচনে আমরা সারাদেশে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে তা যেনো অব্যাহত থাকে তা নিশ্চিত করতে সাংগঠনিকভাবে দেখতে হবে আমাদের কোথাও কোনো ভুল আছে কি না।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিরেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।
এর আগে শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।




প্রতিদিন প্রতিবেদক



