সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে হত্যার ঘটনায় মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)।
গত ২৫ অক্টোবর ঘটে যাওয়া এ ঘটনার ৭ দিনের মাথায় চট্টগ্রাম নগরী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বালাগঞ্জ উপজেলার পূর্ব মুসলিমাবাদ এলাকার মৃত মির্জা ফরিদের ছেলে মির্জা টিটু (৩৫) ও মির্জা জেনি (৩৮) এবং মির্জা টিটুর স্ত্রী সালমা বেগম (২৫)।
এসআরবি-৯ জানায়, নিহত মির্জা আব্দুল লতিফ আবুল (৬৫) ও তার ভাই মির্জা আব্দুল কাদির আসামিদের কাছ থেকে ১২ লাখ টাকায় বসতবাড়ির একটি জায়গা ক্রয়ের জন্য টাকা দেন। কিন্তু আসামিরা জায়গা রেজিস্ট্রি বা টাকা ফেরত না দেওয়ায় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল।
গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে লতিফ ও তার পরিবারের সদস্যরা পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। মির্জা টিটুর হুকুমে হামলায় গুরুতর আহত হন লতিফ, তার ছেলে মির্জা জাহাঙ্গীর ও ভাই মির্জা আব্দুল কাদির। পরে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মির্জা আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর (রোববার) সন্ধ্যায় এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ দল চট্টগ্রামের বন্দর থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



