দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্ৰতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক, বিভিন্ন পেশাজীবী ও নানা বয়সের যুবকেরা অংশ নেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মবিন হাই এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ চন্দ্র পালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, উদীয়মান যুব সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন, যুব-নারী ও আত্মকর্মী সোনিয়া আক্তার, রাখি দেব প্রমুখ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবসমাজকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ যুবক ও নারীর মধ্যে ৪ লক্ষ টাকা সহজ শর্তে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।




ধর্মপাশা প্রতিনিধি



