বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

প্রতিশ্রুতির ফুলঝুরি ও প্রার্থীদের কথার লড়াই

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৬ ২০:৩১:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
17

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার তৃতীয় দিনেও দলগুলোর শীর্ষ নেতারা ব্যস্ত সময় কাটিয়েছেন। কথার লড়াইয়ের পাশাপাশি প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়েছেন ভোটারদের। বিজয়ী হলে কী করতে চান, তা তুলে ধরেছেন। প্রতিপক্ষের বিরুদ্ধে এনেছেন নানা অভিযোগ।


শনিবার (২৪ জানুয়ারি) সরাসরি নির্বাচনি সমাবেশে যোগ না দিলেও দলীয় কর্মসূচিতে বিভিন্ন ক্ষেত্রে আগামীর পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে চট্টগ্রামে চলে গেছেন তিনি। আগামীকাল রবিবার নগরীর পলোগ্রাউন্ড মাঠের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরপর আরও কয়েকটি জেলার সমাবেশে যোগ দেবেন।


এদিকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এদিন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন। এসব সমাবেশে তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিনভর প্রচারণা চালিয়েছেন ঢাকা-১১ আসনে নিজ নির্বাচনি এলাকায়। তিনিও এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন। আর বিএনপির ফ্যামিলি কার্ডকে ধোঁকাবাজি হিসেবে আখ্যায়িত করেন।


ঠাকুরগাঁওয়ের নিজের নির্বাচনি এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আঁতাত উদ্বেগজনক। অপরদিকে, ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, “তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।”


এরই মধ্যে সব কিছু ছাপিয়ে আবারও আগের ১১ দলে ফিরেছে জামায়াত ও এনসিপি জোট। ইসলামী আন্দোলনের শুন্যস্থানে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি।


যেভাবে নতুন বাংলাদেশ গড়তে চান তারেক


দুপুরে গুলশানে একটি অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তরুণদের বি়ভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, “রোড ডিজাইনিং, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এবং চাকরি ঢাকা কেন্দ্রিক গড়ে উঠায় ট্রাফিক জ্যাম বাড়ছে। এই সমস্যা সমাধানে ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। ফ্লাইওভারে হয়েছে, মেট্রোরেল দেখছি। মেট্রোরেল ব্যয়বহুল, জায়গা বেশি নেয়। এক্ষেত্রে মনোরেল সুবিধাজনক। ছোট ছোট বগি এবং মেট্রোর সঙ্গে ঢাকার সব জায়গায় এটিকে যুক্ত করা সম্ভব হবে।”


মির্জা ফখরুলের ক্ষোভ


এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফিলিস্তিনে যখন রক্তক্ষরণ চলছে, তখন জামায়াতে ইসলামীর সঙ্গে আমেরিকার গোপন আঁতাত চলছে। বিষয়টি দেশের সার্বভৌমত্বের জন্য ‘চরম অশনিসংকেত’।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমাদের বিরুদ্ধে যারা নির্বাচন করছে, তারা স্বাধীনতা বিরোধী শক্তি।”


ডা. শফিকের প্রতিশ্রুতি ও অভিযোগের তীর


বগুড়ার সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “জয়ী হতে পারলে বগুড়াকে সিটি করপোরেশন করা হবে।” গাইবান্ধায় বলেন, “উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানী করা হবে। প্রতিষ্ঠা করা হবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এছাড়াও ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।”


তিনি আরও বলেন, “এবারের নির্বাচনে জনগণকে ‘ফ্যাসিবাদের মূল কেটে দিতে’ হবে। সাড়ে তিন কোটি সদস্যের সংগঠন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজ, মামলাবাজ বা দুর্নীতিবাজ হওয়ার কোনও উদাহরণ নেই। বরং তাদের পাশে থাকা একটি পক্ষ দেশব্যাপী বিনা কারণে মামলাবাজি ও হয়রানি করছে।”


মাদক নির্মূল করতে চান নাহিদ, ফ্যামিলি কার্ডকে ধোঁকাবাজি আখ্যা


ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে নিজের পরিকল্পনা তুলে ধরে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম দিনভর নির্বাচনি এলাকায় প্রচারণা চালান। তিনি বলেন, “এলাকায় পানি ও লাইনের গ্যাসের বড় সমস্যা রয়েছে। সকালে গ্যাস চলে যায়, সারা দিন আসে না। পানির সমস্যা নিয়ে ওয়াসায় আবেদন করা হয়েছে। আমি চেষ্টা করবো, কীভাবে এ সমস্যা সমাধান করা যায়। এখানে প্রকাশ্যে মাদকের কারবার চলে। তরুণসমাজ এ মাদকের কবলে পড়েছে। তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ মাদকের সঙ্গে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা জড়িত। আমি এলাকা থেকে মাদক নির্মূলে কাজ করবো।”


তিনি অভিযোগ করেন, একটি দল ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষকে ধোঁকা দিচ্ছে।


ওরা একা হয়ে গেছে: চরমোনাই পীর


মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে দলীয় প্রার্থীর জনসভায় যোগ দেন ইসলামি আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, “ইসলামী আন্দোলন এখন একা নয়, ওরা একা হয়ে গেছে। যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলাম প্রিয় মানুষ তাদের ছেড়ে আমাদের সঙ্গে চলে এসেছে। তারা একা হয়ে গেছে।”


‘ঐক্যবদ্ধ বাংলাদেশে’ লেবার পার্টি


১০ দলীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ঐক্যবদ্ধ বাংলাদেশে’ যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে আবারও ১১ দলীয় নির্বাচনি ঐক্যে পরিণত হলো জোটটি। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে বেরিয়ে গিয়েছিল। শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।


তাসনিম জারার নির্বাচনি ইশতেহার


খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৯ আসনের ছয়টি সমস্যা চিহ্নিত করে ইশতেহার দিয়েছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি এসব সমস্যা সামাধানের কথা জানিয়েছেন তিনি। প্রতিটি সমস্যার নিচে একাধিক সমাধানের পথও তুলে ধরেন তিনি।


শনিবার দিনভর ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরাও নিজেদের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন।


সিলেট প্রতিদিন / শা/বা


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি