শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ইনিংস ব্যবধানে জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

  • প্রকাশের সময় : ১৪/১১/২০২৫ ০২:২৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
47

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে।


আয়ারল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৮৬ রানে। পল স্টার্লিং (৬০), কেড কারমাইকেল (৫৯) ও কার্টিস ক্যাম্ফার (৪৪) কিছুটা লড়াই করলেও বাংলাদেশের স্পিনাররা ছিলেন অপ্রতিরোধ্য। মেহেদী হাসান মিরাজ ৩টি, হাসান মুরাদ ২টি ও তাইজুল ইসলাম ২টি উইকেট শিকার করেন। 


জবাব দিতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা দেখিয়েছেন একতরফা আধিপত্য। মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ১৭১, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ঝকঝকে সেঞ্চুরি (১০০), শাদমানের ৮০, মুমিনুলের ৮২ ও লিটনের ৬০ রানের ওপর ভর করে টাইগাররা ৮ উইকেটে ৫৮৭ ডিক্লেয়ার করে ৩০১ রানের বিশাল লিড নেয়। 

দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ধস নামে আইরিশ ব্যাটিংয়ে। নাহিদ রানা, তাইজুল, হাসান মুরাদদের ঘূর্ণি বেগে টিকতে না পেরে ২৫৪ রানে গুটিয়ে যায় পুরো দল। যদিও ম্যাকব্রাইনের ৫২, নিলের ৩৬, স্টার্লিং ৪৩ ও বালবির্নির ৩৮ রানের প্রতিরোধ ম্যাচকে কিছুটা লড়াইয়ে রাখে, তবে জয়ের সমীকরণে তা ছিল সামান্যই। 


প্রথম ইনিংসে পল স্টার্লিং ৬০ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসেও তিনি বেশ ভালো ব্যাট চালাচ্ছিলেন। তবে ফিফটির ঘরে পৌঁছানোর আগেই তাকে রানআউটে বিদায় করেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। বাকি কেউই বাংলাদেশের বোলিং তোপে সুবিধা করতে পারেননি।


বাংলাদেশ বোলারদের মধ্যে হাসান মুরাদ ৪ উইকেট, তাইজুল ৩ উইকেট, নাহিদ রানা ২ উইকেটের পাশাপাশি প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজের ৩ উইকেট দলকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত ইনিংস ও ৪৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে ১৯ নভেম্বর শুরু হবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি