মেসি ক্লাব ছাড়ার পর মৌসুমের শুরুতে ধুঁকছিল বার্সেলোনা। রোনাল্ড কোম্যানের অধীনে বাজে সময় কাটছিল তাদের। তবে জাভিকে দলের দায়িত্ব দেওয়ার পরই ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। প্রথম এল ক্লাসিকোতে হারলেও দ্বিতীয় ক্লাসিকোতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা তাই মনে করেন রিয়াল কোচ আনচেলত্তি।
গত বছরের নভেম্বরে বার্সেলোনা কোম্যানের অধীনে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল। একসময় তো টেবিলের ৯ নম্বরে চলে যায় তারা। সেখান থেকে এখন বার্সেলোনাকে টেবিলের তিনে নিয়ে এসেছেন সাবেক বার্সা খেলোয়াড় এবং বর্তমান কোচ জাভি। দলকে এমন অবস্থায় নিয়ে আসার জন্য রিয়াল কোচ পুরো কৃতিত্ব দিলেন জাভিকে। রোববার এল ক্লাসিকোর আগে এমনটাই জানিয়েছেন রিয়াল কোচ।
সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, 'বার্সেলোনার পরিচয় কখনো বদলায়নি, যেহেতু ক্লাবটির স্পষ্ট একটি ধরন রয়েছে। জাভি ওই ধরনে খুব ভালোভাবে মানানসই এবং দলটি তার কোচিংয়ে ভালো উন্নতি করছে। আমি মনে করি আজ তারা ঘুরে দাঁড়াবে। তবে আমরাও পিছিয়ে নেই। আমার মতে, ফুটবল কেবল একটি ধরনের খেলা নয়। আমি চাই, আমার দল ভিন্ন ভিন্ন কৌশলে খেলতে অভ্যস্ত হয়ে উঠুক।'
লা লিগায় শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। আজ এল ক্লাসিকোতে হারলেও তারা টেবিলের শীর্ষেই থাকবে। তবে ম্যাচটা জিতলে বার্সেলোনার জন্য অনেক লাভ হবে। কারণ এই মৌসুমে তারা লড়ছে টেবিলের টপ ফোরের জন্য।
এদিকে লিগ দৌড়ে যে জাভির দল পিছিয়ে, সেটা স্পষ্টই। তবুও বার্সেলোনাকে লড়াই থেকে ছিটকে দিচ্ছেন না রিয়াল কোচ আনচেলত্তি। তিনি বলছেন, লড়াই হবে শেষ ম্যাচ পর্যন্ত।
আনচেলত্তি বলেছেন, ‘বার্সেলোনার বিপক্ষে জিতলে আমরা আরও তিন পয়েন্ট পাব। যেটা আমাদের লিগ জেতার আরও কাছে নিয়ে যাবে। যদি ড্র করি, এক পয়েন্ট পাব। হেরে গেলে, কিছুই পাব না। কিন্তু আমাদের এটা ভাবলে হবে না বার্সেলোনা দৌড়ে নেই। সব দল শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করবে।’
গত অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। তবে এইবারের এল ক্লাসিকোতে জয় চায় বার্সা কোচ জাভি। শেষ ১১ ম্যাচে অপরাজিত থাকা বার্সেলোনা ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।




স্পোর্টস ডেস্ক



