যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশের ন্যায় সিলেটেও পালন হচ্ছে পবিত্র শবে-ই-বরাত। শুক্রবার (১৮ মার্চ) এশার নামাজের পর সিলেটের বিভিন্ন মসজিদে মসজিদে শান্তি, সমৃদ্ধি ও স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অপরদিকে একইদিনে জুমা ও শবে বরাত হওয়ায় সিলেটের শাহজালাল (র:) মাজার এর কবরস্থান, মানিক পীর (র:) কবরস্থান সহ বিভিন্ন কবরস্থানে দিনভর ছিল মানুষের ভিড়। রাতেও স্বজনরা প্রিয়জনের কবর জিয়ারতে ছুটে আসেন।
অন্যান্য বছর শবে বরাত উপলক্ষে বিকেল থেকে কবরস্থানে ভিড় বাড়লেও এবার জুমার দিন হওয়ায় দুপুর থেকেই কবর জিয়ারত করতে আসতে থাকেন মানুষ। তবে সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়। রাত যত গভীর হয় মানুষের ঢল বাড়ে।
এসময় নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ কোরআন তেলাওয়াত করেন, আবার কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, আরবি মাসের ১৪ তারিখ দিনগত রাতকে সৌভাগ্যের বা মুক্তির রজনী বলা হয়। এ রাতকে ‘লাইলাতুল বরাত’ বা ‘লাইলাতুম মিন নিসফি শা’বান’। রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।
মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। সেজন্য রাত জেগে মহিমান্বিত এই দিন মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।




প্রতিদিন প্রতিবেদক



