স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদ আহমদ (৩৬)।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেশে ফেরার আগেই মঙ্গলবার দিবাগত রাতে কাতারের দোহা তিনি মারা যান।
জাহেদ আহমদ সিলেটের দক্ষিণ সুরমার ঝালো পাড়ার মুহিবুর রহমানের ছেলে।
তিনি জীবিকার তাগিদে চার বছর আগে পাড়ি জমিয়েছিলেন স্পেনে। আড়াই বছর পূর্বে স্পেনে আইনগতভাবে বসবাস করার সরকারি স্বীকৃতিপত্র পান।
নিহতের চাচা পলাশ আহমদ জানান, স্পেন থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জাহেদ। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কাতারের দোহা এয়ারপোর্টে পৌঁছানোর পর তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি হঠাৎ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন। অবস্থা বেগতিক দেখে এভিয়েশন কর্তৃপক্ষ দ্রুত নিজেদের তত্ত্বাবধানে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহেদ, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে জানান পলাশ আহমদ।




প্রতিদিন প্রতিবেদক



