সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। নিহত শাইস্তা মিয়া বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। তিনি মোটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।
জানা যায়, শুক্রবার রাতে পারাইরচক এলাকায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে অনেকে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহটি শাইস্তা মিয়ার বলে শনাক্ত করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুরতহাল অনুযায়ী এটি মোটরসাইকেল দুর্ঘটনা মনে হচ্ছে। এ বিষয়ে আইনানুগ পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




প্রতিদিন প্রতিবেদক



