হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত আরেকজন মারা যান।
আজ শনিবার (১২ মার্চ) সকাল ৯টায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন আহতদের দেখভালের দায়িত্বে থাকা মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক শফি আহমদ পিপিএম।
এর আগে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। এখন পর্যন্ত মোট ৪ জন নিহত ও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।
এ ব্যাপারে মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক শফি আহমদ পিপিএম বলেন, নিহত ব্যক্তির বয়স হবে আনুমানিক ২৫-২৬ বছর। তার পরিচয় জানা যায়নি। আহতদের পাশে সব সময় মানবিক টিম রয়েছে।
এর আগে শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি-বিরামচর সড়কের হাইওয়ে থানার সামনে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় অপর একটি বাস দ্রত গতিতে আসলে ত্রিমুখী সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।




প্রতিদিন প্রতিবেদক



