সিলেটে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তিন বছর বয়সী শিশুটি গত ২ নভেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ নিয়ে চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে। মৃত শিশুটি সুনামগঞ্জ সদর এলাকার বাসিন্দা।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের ৪ নভেম্বরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১৩৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৮১ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক হাম আক্রান্ত ৪৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৬ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ বছর হাম আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জে ৩৩ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
হাম আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।




প্রতিদিন প্রতিবেদক



