সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলা অতিরিক্ত সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। আদালতের বিচারক আবদুল মোমেন এ মামলায় পলাতক আসামি নোমানের গ্রেফতারি পরোয়ানার পত্রিকার বিজ্ঞপ্তি গ্রহণ শেষে এ আদেশ দেন।
মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচার আবদুল মোমেনের আদালতে বহুল আলোচিত এ মামলাটি উপস্থাপন করা হলে বিচারক মামলার বিচার কাজ পরিচালনার জন্য সিলেটের মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।
২০২১ সালের ১০ অক্টোবর রাতে রায়হানকে সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে পুলিশ ধরে এনে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালায়। এতে রায়হান মারা যায়। এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে পিবিআই গত বছরের ৫ মে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।
আদালতে আদেশ প্রদানকালে রায়হানের মা সালমা বেগমসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। রায়হানের মা মামলাটি দ্রুত নিষ্পত্তি করে আসামিদের ফাঁসির দাবি জানান।




প্রতিদিন ডেস্ক



