বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

দিরাইয়ে গান-বাজনা বন্ধের আবেদন

  • প্রকাশের সময় : ২২/১০/২০২৬ ১৪:১০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সুনামগঞ্জের দিরাইয়ে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে আপত্তির ঘটনার কয়েক দিনের মাথায় এবার একটি গ্রামে গানের অনুষ্ঠান বন্ধের দাবি উঠেছে। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে গানের অনুষ্ঠান আয়োজন বন্ধের দাবিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় দুই বাসিন্দা। পরে পুলিশের সঙ্গে আলোচনায় আয়োজকেরা গান-বাজনা করবেন না বলে আশ্বাস দিয়েছেন। এতে বিষয়টির মীমাংসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বুধবার (২১ অক্টোবর) দিরাই থানার ওসি আমিনুল ইসলামের কাছে দেওয়া আবেদনে গ্রামবাসীর পক্ষে আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু অনুষ্ঠানটি বন্ধ বা স্থগিত করার উদ্যোগ নিতে অনুরোধ জানান।


আবেদনে বলা হয়, হাতিয়া গ্রামটি দীর্ঘদিন ধরে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত। গ্রামে একটি আলিম মাদ্রাসা, একজন আল্লাহর ওলির মাজার এবং অনেক আলেম-ওলামার বসবাস রয়েছে। সেখানে গানের অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে আবেদনকারীরা উল্লেখ করেন।


আবেদনকারীদের দাবি, আয়োজকদের প্রচার অনুযায়ী, অনুষ্ঠানে নারী শিল্পীদের দিয়ে গান পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছিল। এ আয়োজন অব্যাহত থাকলে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। গ্রামের ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান আবেদনকারীরা।


এ বিষয়ে দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আবেদনটি করার পর আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের আশ্বস্ত করেছেন, তাঁরা গান-বাজনা করবেন না। তাই বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছে।’


এর আগে গত ৫ অক্টোবর দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচও স্থানীয় একটি পক্ষের আপত্তির মুখে স্থগিত করা হয়েছিল। দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে ওই ম্যাচ হওয়ার কথা ছিল। আয়োজক স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়ার জানিয়েছিলেন, খেলার আগের রাতে কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ম্যাচ বন্ধের দাবি জানান। পরে ইউএনওর সঙ্গে আলোচনার পর ম্যাচটি স্থগিত করা হয়।


কোচ রাকিব আহমেদ বলেন, দিরাই পৌর এলাকার চণ্ডীপুরের বাসিন্দা মাওলানা শরিফ উদ্দিনসহ কয়েকজন খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানিয়েছিলেন। ইউএনও অফিস থেকে বেরিয়ে তারা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। তারপর প্রশাসনের নির্দেশে আমাদের খেলাটি স্থগিত রাখতে হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স