ধর্মপাশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সহ-সভাপতি সাংবাদিক শাকিন শাহের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, একজন পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মামলার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক শাকিন শাহ অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এর ফলে এলাকায় তাঁর ভালো জনপ্রিয়তা তৈরি হয়েছে। সেই জনপ্রিয়তা নষ্ট করতেই একটি বিশেষ মহল ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এই মামলায় জড়িয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মামলাটি হয়রানিমূলক প্রমাণিত হলে তা দ্রুত প্রত্যাহার, শাকিন শাহের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং তাঁদের স্বাধীন ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের হয়রানি বন্ধ হোক এবং স্বাধীন সাংবাদিকতা সুরক্ষিত হোক এমন প্রত্যাশাই ব্যক্ত করা হয়েছে।




ধর্মপাশা প্রতিনিধি



