শরীরে অতিরিক্ত মেদের অস্তিত্ব ধীরে ধীরে আপনার জীবন দুর্বিষহ করে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মেদ শুধু সৌন্দর্য হানিকর আর শরীরের নানা রোগের কারণই নয় এটি আপনার স্মৃতিশক্তি নষ্টের কারণও হয়ে দাঁড়ায়।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শরীরে চর্বি বাড়লে প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পায়। সেই সঙ্গে কমে যায় স্মৃতিশক্তিও! এক্ষেত্রে শরীরে যত মেদ জমবে আপনার চিন্তাভাবনা করার শক্তি ততই কমতে শুরু করবে।
গবেষণাতে যেসব তথ্য প্রকাশ পেয়েছে তাহলো শরীরে চর্বি বাড়লে প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পায়। মস্তিষ্কের ভাস্কুলার আঘাত নিয়ে গবেষণার সময় শরীরের চর্বি এবং লো কগনিটিভ স্কোরের মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন বলে দাবি করেন গবেষকরা।
জামা নেটওয়ার্ক ওপেন জার্নালে প্রকাশিত হওয়া ওই গবেষণায় বায়োইলেকট্রিক্যাল প্রতিবন্ধকতা বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারী ৯ হাজার ১৬৬ জনের শরীরের মোট চর্বির মাত্রা নির্ণয় করা হয়েছিল। ভিসেরাল ফ্যাট পরিমাপ করার জন্য অংশগ্রহণকারীদের মধ্যে ৬ হাজার ৭৩৩ জনের ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) করা হয়। এমআরআইয়ের মাধ্যমে ভাস্কুলার ব্রেন ইনজুরি অর্থাৎ মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোও পরিমাপ করা হয়।
ম্যাকমাস্টার ইউনিভার্সিটির মাইকেল জি ডিগ্রুট স্কুল অব মেডিসিনের অধ্যাপক এবং হ্যামিল্টন হেলথ সায়েন্সেসের ভাস্কুলার মেডিসিন বিশেষজ্ঞ সোনিয়া জানান, আমাদের গবেষণার ফলাফল বলছে শরীরের অতিরিক্ত মেদ প্রতিরোধে মস্তিষ্কের কার্যকারিতার হার বাড়ে।
শরীরের অতিরিক্ত চর্বি বৃদ্ধি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো কার্ডিওভাসকুলার ঝুঁকির কারণ হয়। সেইসঙ্গে মস্তিষ্কের ভাস্কুলার আঘাতের ওপরও এটি প্রভাব ফেলে।
এর প্রতিকারে নিউরোলজিস্ট, বিজ্ঞানী এবং ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক এরিক স্মিথ বলেন, মস্তিষ্কের কার্যকারিতা রক্ষা করা বৃদ্ধ বয়সে ডিমেনশিয়া প্রতিরোধের অন্যতম সেরা উপায়। পুষ্টিকর খাওয়াদাওয়া এবং ব্যায়ামের মাধ্যমে আপনি শরীরে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন যার ফলস্বরূপ স্মৃতিভ্রংশের আশঙ্কাও কমবে।




প্রতিদিন ডেস্ক



