বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

পরীমনিকে ভিকটিম বানিয়েছে আইনশৃংখলা বাহিনী: আদালত

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ০৪:২৩:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

পরীমনিকে ভিকটিম বানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হয়েছে মিডিয়া ট্রায়াল–এমনটাই বলছেন আদালত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, একজন নারীকে পেয়ে তাকে ভিকটিম বানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া মাদকসহ আটক করে পরীমনির মিডিয়া ট্রায়াল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমনির আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন।

আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।

এর আগে ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি।

এর আগে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছর ৫ আগস্ট রাজধানীর বনানী থানায় মামলা করা হয় পরীমনির বিরুদ্ধে। আসামি করা হয় মোট তিনজনকে। গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এরপর মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে র‌্যাব নিয়ে যায় সদর দপ্তরে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বনানী থানায় নিয়ে আসা হয় পরীমনিকে। এরপর র‌্যাব বাদী হয়ে মামলা করে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স