বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

পর্যটন শিল্প বিকাশে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মাহবুব আলী

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০৬:৪৩:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, বিশ্বের অনেক দেশ রয়েছে যা পর্যটন শিল্প দিয়ে পরিচিত। এর মধ্যে অন্যতম হচ্ছে নেপাল। পর্যটনের দিক থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। পর্যটন শিল্পের দিকে সাধারণ মানুষের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে প্রথমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হবিগঞ্জের ঐতিহাসিক বানিয়াচংয়ের পুরাতন স্থাপনাগুলোকে পর্যটনের আওতায় নিয়ে আনতে কাজ করছে সরকার।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সোয়াম ফরেস্ট নামে খ্যাত লক্ষীবাওর জলাবনে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য রেস্ট হাউজ এর ভিত্তি প্রস্তর স্থাপনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হবিগঞ্জ জেলা এখন আর পিছিয়ে নেই। শিল্প জেলা হিসেবে এখন সমধিক পরিচিত। সেই সাথে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এ জেলা। এ ক্ষেত্রে বানিয়াচংয়ের লক্ষীবাওর জলাবন, ঐতিহাসিক কমলাবতির সাগর দিঘি, শ্রী শ্রী বিথঙ্গলের আখড়া ও গড়ের হালসহ বিভিন্ন জায়গা পর্যটন স্পট হিসেবে সবার কাছে পরিচিতি পাচ্ছে। পর্যায়ক্রমে এসব জায়গাকে পর্যটনের আওতায় নিয়ে আসা হবে। যেমনিভাবে সরকার রাজস্ব পাবে, তেমনিভাবে এলাকাগুলোও উন্নতি হবে।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সঞ্চালণায় বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আরফান উদ্দিন ও আব্দুল আহাদ মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্র্রতিমন্ত্রীর পিএস (উপসচিব) আব্দুল জলিল, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবেলসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স