গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষকদের ফাসির দাবিতে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করছে বিক্ষুপ্ত শিক্ষার্থীরা।
জানা যায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ গণধর্ষণের ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী তার সহপাঠীর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে এক অটো থেকে তাদের তুলে নেওয়া হয়।
পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ঐ শিক্ষার্থীকে ধর্ষণ করে। অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, আমার বোনের ধর্ষকদের ফাসির রায় না শোনা পর্যন্ত ঘরে ফিরবো না। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
বেলা ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব, প্রক্টর ড. রাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঐ শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি এবং আমি নিজে ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি। এ পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছেন। কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান বলেন, সংবাদ পাওয়া মাত্রই আমাদের একাধিক টিম কাজ করছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছি আশা করি দ্রুত বিষয়টির সমাধান হবে।
প্রসঙ্গত, গ্রেফতারের দাবিতে গত রাতে গোপালগঞ্জ সদর থানায় এবং সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।




প্রতিদিন ডেস্ক



