শহিদ ডা.সামসুদ্দিন আহমদ হাসপাতালের হল এলাকায় জামায়াত শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার দিবাগত রাতে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত পথসভায় এ ঘোষনা দেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ,সিওমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.নাজমুল হাসানসহ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, ঐতিহ্য সংস্কৃতি পরিষদ নামের জামায়াত-শিবির নিয়ন্ত্রিত সংগঠনের কর্মীরা ছাত্রাবাসের বি ব্লকে অবস্থান করছিলেন। তিন দিন আগে ওই ব্লকে একটি রামদা পাওয়া যায়। বিষয়টি জানতে চাইলে বুধবার রাতে শিবিরের বহিরাগত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালান ওই ব্লকের কয়েকজন। পরে তাঁদের হল থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, ছাত্রাবাসে বহিরাগত শিবিরের নেতা-কর্মীরাও থাকেন।
এর আগে ছাত্রলীগ-ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার রাত ১২টার দিকে শহীদ সামসুদ্দিন হাসপাতালের হল এলাকায় হল দখল নিয়ে শিবির নেতাকর্মী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।এক পর্যায়ে শিবিরের নেতাকর্মীকে ধাওয়া দিয়ে সামসুদ্দিন ছাত্রাবাস এলাকা থেবে বের করে দে ছাত্রলীগ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরে রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে রিকাবীবাজার এলাকা।
এদিকে এ ঘটনায় শিবির ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যায়। শিবির নেতাকর্মীদের হল থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করছেন ছাত্রশিবির নেতৃবৃন্দ। এদিকে শিবিরের নেতা কর্মীরা ছাত্রাবাস দখল করতে হামলা করেছে বলে অভিযোগ করছেন ছাত্রলীগ নেতারা।




প্রতিদিন প্রতিবেদক



