গোলাপগঞ্জে ফুটবল খেলা দেখতে গিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আর ৩ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো ভাই রেজন আহমদ।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নিজ এলাকার ফুটবল খেলা দেখতে যান তারিফুর রহমান। এসময় নিজ দলের খেলোয়াড়দের ধমক দিয়ে সুন্দর করে খেলার জন্য বুঝাতে থাকেন। প্রতিপক্ষের একজন খেলোয়ার তাদেরকে ধমক দেয়া হচ্ছে মনে করে তারিফুর রহমানের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন। পরে উপস্থিত সবাই বিষয়টি সমাধান করেন। খেলায় রণকেলী নয়াগ্রাম ফুটবল দল বিজয়ী হয়। এরপর খেলা শেষ হওয়ার পরপরই বিপক্ষ দলের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে কয়েকজনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা গুরতর আহত ৩ জনকে নগরীর নর্থ ইস্ট মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তারিফুর রহমান মারা যান। এ ঘটনায় খেলার ম্যাচ লেফারি একই এলাকার তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২৭), তার ছোট ভাই জায়েদ আহমদ পারভেজ (১৭) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ গুরুতর আহত হয়েছেন।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীকে কল দেয়া হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।




প্রতিদিন প্রতিবেদক



