শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

‘গণমাধ্যম একটি ক্রান্তিলগ্ন পার করছে’

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২২ ১২:১১:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগ পূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে দেশের পাঠকপ্রিয় এই দৈনিকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা, বিশেষ মোনাজাত ও ফুলেল শুভেচ্ছার আয়োজন করা হয়।

মানবজমিন চট্টগ্রামের ইনচার্জ ও স্টাফ রিপোর্টার জালাল রুমির তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল হক। মানবজমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাহাত মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি অনিন্দ্য টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য মোহররম হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুন নাইম রিকু, ফুলকলি ফুড প্রোডাক্টসের জেনারেল ম্যানেজার এম সবুর, কলামিস্ট মাসুম খান, সমাজ সেবক আবুল হাশেম তালুকদার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রুপক চক্রবর্তী, এশিয়ান টিভির ব্যুরো চীপ ওয়াহিদ জামান, দৈনিক পূর্বকোণের সহ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ টেলিভিশনের কাজী মাহফুজ, জাগোনিউজের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক পূর্বদেশের মনিরুল ইসলাম মুন্নাসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন গণমাধ্যম একটি ক্রান্তিলগ্ন পার করছে। বিভিন্ন কারণে অনেকে পেশাদারিত্ব বজায় রাখাতে পারছেন না। একসময়ের অনেক সম্ভাবনাময় কাগজ আজকে হারিয়ে গেছে। কিন্তু মেধাবী সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সুদক্ষ নেতৃত্বে দৈনিক মানবজমিন এখনো স্বগৌরবে টিকে আছে। মানবজমিন দেশের কথা বলে, দশের কথা। কারও তাঁবেদারি করে না স্লোগানে মানবজমিন এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শেষের দিকে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল হক মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মানবজমিন পত্রিকার অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সম্পাদক ও প্রকাশক মাহবুবা চৌধুরীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এরপর বিভিন্ন সংগঠন থেকে চট্টগ্রামে দায়িত্বরত স্টাফ রিপোর্টার জালাল রুমিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স