সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সিলেটে ‘নিরবে’ ঋতুরাজ বসন্তের আগমণ

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২২ ০৯:৩১:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

মোহাম্মদ নুরুল ইসলাম: আজ ঋতুরাত বসন্তের প্রথম দিন। করোনাকালীন এ সময়ে বসন্তের এই দিনটি অনেকটা নিরবেই পার করেছে সিলেটবাসী। অন্যান্য বছরে সিলেটে ঝাঁকঝমক ভাবে বসন্তকে বরণ করা হলেও এবার তার চিত্রটি ছিলো উল্টো। শিল্পকলা একাডেমির অনুষ্টান ব্যতিরেখে উল্লেখযোগ্য কোন অনুষ্ঠান চোখে পড়েনি সিলেটে।

শীতকালকে বিদায় জানিয়ে আজ শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস। গতবারের মত এবারও পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একদিনে হওয়াতে তরুণ তরুনীদের মাঝে অন্যরকম এক উচ্ছাস লক্ষ্য করা গেছে। অনেকেই ফেইসবুকে করেছেন ভালোবাসার আদান-প্রদান। কেউবা প্রিয়জনদের নিয়ে বেড়িয়েছেন পছন্দের স্থানে।

তবে, সিলেটে বসন্তকে বরণ করতে তেমন কোন আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

এবিষয়ে কথা হয় শিক্ষার্থী সুমাইয়া আঞ্জুমের সাথে, তিনি জানান এবার পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস একসাথে হওয়াতে বেশ ভালো লাগছে। তবে সিলেট বসন্ত বরণের কোন আয়োজন চোখে না পড়ায় মন খারাপ।

তিনি জানান, বিকেলে ঘুরতে বেড়িয়ে বসন্তবরণের কোন অনুষ্ঠান না পেয়ে নিরাশ হয়েই বাসায় ফিরতে হচ্ছে তাকে।

তবে, সিলেট শিল্পকলা একাডেমি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাজনিত বিধি-নিষেধের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি সিলেট আজ (১লা ফাল্গুন) গান ও নৃত্যের বর্ণিল পরিবেশনায় বরণ করে ঋতুরাজ বসন্তকে।

বসন্ত বরণ উপলক্ষে বিকাল ৫টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী, নিশিতা ফুডসের ব্যবস্থাপনা পরিচালক প্রতীক পাল, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুক্তি বড়–য়া, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক পূর্ণিমা দত্ত রায়, অরুণ কান্তি তালুকদার এবং প্রাক্তন প্রশিক্ষক প্রসেনজিৎ দে শিপলু।

আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার পরিচালনায় উৎসবের সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগ, শিল্পাঙ্গণ সিলেট, একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্ট সিলেট ও ছন্দনৃত্যালয় সিলেট এবং একক পরিবেশনায় ছিলেন বিরহী কালা মিয়া, গৌতম চক্রবর্ত্তী, পল্লবী দাস মৌ ও তমা পাল।

অনুষ্ঠানটি একই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজে সরাসরি সম্প্রসারিত হয়। মনোমুগ্ধকর পরিবেশনা ও বর্ণিল আয়োজনে বিমোহিত আগত সকল দর্শক।

সিলেটে বসন্তবরণ বিষয়ে সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সিলেট প্রতিদিনকে বলেন, সম্মিলিত নাট্য পরিষদ বসন্তবরণের কোন অনুষ্ঠান করে না। তবে বসন্ত উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে এটা করা হলেও স্বাস্থবিধির কারণে এবার তা করা হয়নি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স