ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বার্ষিক আনন্দ ভ্রমণ করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব। রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। ভোর থেকেই দায়িত্বশীলরা একে অপরকে মুঠোফোনে ঘুম ভাঙ্গান এবং ৭টার দিকে স্থানীয় বড় বাজার এবং মডেল প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন সদস্যরা।
সকাল পৌনে ৮টার দিকে ৩টি নোহা গাড়ি যোগে হবিগঞ্জ ম্যাংগো রেস্টুরেন্টে সকালের নাস্তার পর্ব সেরে কমলগঞ্জের মাধবপুর লেকের দিকে আপন গতিতে ছুটতে থাকে গাড়িগুলো। মাঝে শ্রীমঙ্গল চা কন্যার ভাস্কর্যে যাত্রাবিরতি করে ছবি তোলা হয়। গন্তব্যে গিয়ে প্রথমে কয়েকটি গ্রুপ ছবি তুলে যার যার দিকে ছুটে চলেন উপদেষ্টাগণ ও সদস্যরা।
কেউ পাহাড়ের চূড়ায় আবার কেউবা লেকের পাড়ে পাড়ে আপন মনে বিচরণ করছেন। এভাবেই বেলা ২টা হয়ে যায়। এরপর শ্রীমঙ্গলের পানসী হোটেলে মধ্যাহ্নভোজ শেষে বধ্যভূমি পরিদর্শন ও সীতেশ বাবুর চিড়িয়াখানায় যাত্রা বিরতি । চিড়িয়াখানায় মুখপুরা হলুমানের বিকট শব্দ, অজগর সাপ, ভাল্লুক, ময়ূর, চিতা বাঘ, চিত্রা ও মায়া হরিণ দেখতে বেশ ভালোই লেগেছে। সবচেয়ে অবাক লেগেছে চিড়িয়াখানার ভিতরে পুকুরে ঝাকে ঝাকে বসে আছে বালি হাঁস। অনেক মানুষের উপস্থিতি দেখে মোটেই ভয় পায়নি হাঁসগুলো। যেন আপন মনে বিশ্রাম নিচ্ছিল ।
পরিদর্শন শেষে চিড়িয়াখানার মাঠেই কাংঙ্খিত র্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র’র প্রতিটি টিকেটের মূল্য নেয়া হয় ২০ টাকা। কেউ ৫টা আবার কেউ ১০টা করে টিকেট ক্রয় করেছেন। এ টাকা প্রেসক্লাবের ফান্ডে জমা হয়েছে। র্যাফেল ড্র’র ১ম পুরস্কার পেয়েছেন উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু, ২য় ও ৩য় পুরস্কার পেয়েছেন অপর উপদেষ্টা মোত্তাকিন বিশ্বাস। পুরস্কারগুলোও ছিল বেশ আকর্ষণীয়।
এ ছাড়াও উপদেষ্টাগণকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সকল সদস্যকে সান্তনা পুরস্কার দেয়া হয়। পরে মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু, মোত্তাকিন বিশ্বাস ও শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আহমেদ লিটন, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, আইন সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, লিলু আহমেদ, এম এ কাদির বাবুল, শেখ মোঃ আলমগীর ও আরিফ হোসেন প্রমুখ। বক্তাগণ ক্লাবের বিগত দিনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ, নিজস্ব জায়গা, ঘর ও ফান্ডিং ব্যবস্থা জোরদার করতে তাগিদ দেন।




বানিয়াচং প্রতিনিধি



