সিলেটের বিশ্বনাথে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে নালিশ করেছেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলানয়তন হলরুমে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় এসএম নুনু মিয়া বলেন, গত ডিসেম্বর মাসে তিনি উপজেলাবাসীর নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার থেকে ৩৯ কোটি ৬ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। আর এই বরাদ্দের বিষয় তিনি ৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বস্থরের জনসাধারণের সামনে বিস্তারিত তুলে ধরেন। এখন পর্যন্ত এই বরাদ্দকৃত প্রকল্পের টেন্ডারও দেয়া হয়নি। কিন্তু এই বরাদ্দের টাকা আমি লুটপাট করেছি বলে সম্প্রতি এমপি মোকাব্বির খান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান আমার বিরুদ্ধে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কাছে অভিযোগ করেছেন।
এছাড়াও তারা দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ দেয়ার চেষ্টা করছেন।
এমপির এই অভিযোগটি মিথ্যা দাবি করে তিনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সকলের কাছে ওই নালিশ করেছেন। পাশাপাশি বরাদ্দকৃত টাকা সঠিকভাবে কাজে লাগাতে সকলের সার্বিক সহযোগীতাও চান তিনি।
এছাড়াও বাসিয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদানিয়া মাদরাসার সামনের অবৈধ দোকানপাঠ উচ্ছেদ ও পৌর শহরের যানজট নিরসন নিয়ে ব্যাপক আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন, ওসি গাজী আতাউর রহমান। চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন ছয়ফুল হক, মোহাম্মদ আমির আলী, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অধ্যক্ষ নেহারুন নেছা, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, আশিক আলী ও সাইফুল ইসলাম বেগ।




বিশ্বনাথ প্রতিনিধি


