ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে কম হইচই হয়নি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব এই গান। ভাইরাল হওয়া এই গানের সাথে কোমর দুলিয়েছেন বড় বড় তারকারাও।
‘বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...’ এমনই কথায় ভুবন বাদ্যকরের গাওয়া গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় সেলিব্র্রিটি বনে গেছেন তিনি।
এবার ফ্রান্সের ইউটিউবার জিকা সম্প্রতি ভুবনের সঙ্গে যোগাযোগ করেছেন। নতুন টুইস্ট দিয়ে গানটি ফের ভাইরাল হয়েছে।
সম্প্রতি ফ্রান্সের পাশাপাশি ভারতেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সৌজন্যে তার সাম্প্রতিক ‘নাতু নাতু’ গানে নাচ। জিকার এই রিল ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতে। এবার ফ্রান্সের রাস্তায় কাঁচা বাদাম গানে পা মেলালেন তিনি।
নিজস্ব স্টাইলে এক কথায় মাত করেছেন জিকা ও তার দুই বন্ধু। ভারতের ফ্যানেদের ইচ্ছেপূরণেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর।
জিকার কাঁচা বাদাম রিল ভিডিও শুধুমাত্র ইনস্টাগ্রামে দেখেছেন প্রায় চার লাখ দর্শক, লাইক করেছেন প্রায় ৪৮ হাজার নেটিজেন। কমেন্ট সেকশনে জিকাকে ভালোবাসা জানিয়েছেন ভারতীয় ভক্তরা।
প্রসঙ্গত, ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করেন। ভাজা বাদাম নয়, কাঁচা বাদাম। ভাজা বাদামের অপকারিতা আর কাঁচা বাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছেন তিনি। এই গানের কথা যুক্ত হয়েছে টাকা ছাড়াও কীসের বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙা মোবাইল, সিটি গোল্ডের পুরোনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব বিষয় আর অদ্ভুত সুর তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়।




বিনোদন ডেস্ক



