শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রেস ব্রিফিং করে আন্দোলন প্ররত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর আশ্বাসের উপর পূর্ণ আস্থা রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই আন্দোলন আপাতত প্রত্যাহার করা হলো।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গতকাল শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী আমাদের আমন্ত্রণে শাবিপ্রবিতে এসেছিলেন। মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আমাদের সব দাবি আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
তারা বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে আমাদের ৬টি দাবি এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। আমাদের প্রথম দাবি ছিল উপাচার্যের পদত্যাগ, শিক্ষামন্ত্রী এই বিষয়ে বলেছেন, উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের কাছে উপস্থাপন করা হবে। আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই আমরা আশা করছি, আচার্য আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের কথা বিবেচনায় রাখবেন।




প্রতিদিন প্রতিবেদক



