জামালপুরের সরিষাবাড়ীতে হাবিবুল হাসান রিজভী (২৪) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সময় টিভির সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে আলভী নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
ভুক্তভোগী রিজভী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বাংলা বিভাগের ছাত্র এবং সময়ের আলো, বার্তা সংস্থা ইউএনবি ও সময় টিভি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাধারণ সদস্য। হামলার পর আহত রিজভীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
অভিযুক্ত আলভী (২৬) সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সুজা মিয়ার ছেলে। বুধবার বেলা বারোটার দিকে সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানি ফায়ার সার্ভিস সংলগ্ন রিজভীর নিজ বাসভবনে আলভীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
রিজভী জানায়, হামলার সময় দুটি মোবাইল ফোন, ৩০ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে হামলাকারীরা।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় রিজভী বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমি বাসায় আসি বেশ কয়েকদিন আগে। বুধবার দুপুরে কলিংবেল চেপে আলভীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী ছাত্রলীগের নাম ব্যবহার করে বাসায় প্রবেশ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়।
শুধু হামলা করেই তারা ক্ষান্ত হননি- আমাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। এদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী আরিফুলও উপস্থিত ছিলেন। পরে বাসায় জিনিসপত্র তছনছ করে বাবার রেখে যাওয়া ৩০ হাজার টাকা নিয়ে যায়।’
এ ঘটনায় রিজভীর মা স্কুলশিক্ষিকা হামিদা খাতুন জানায়, আমি স্কুলে ছিলাম, খবর শুনে বাসায় গিয়ে দেখি বাসার সব জিনিসপত্র এলোমেলো করা। পরে জানতে পারি আমার ছেলেকে মারধর করা হয়েছে। এ ঘটনার তিনি সঠিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
অভিযুক্ত আলভী এ বিষয়ে মুঠোফোনে জানান, আমার এলাকায় একটি মেয়েকে উত্ত্যক্ত করে বিভিন্ন ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এ ছাড়া এই রিজভী হলুদ সাংবাদিকতা করে। আমি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। এরপর তাঁকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরাবেন বলেও তিনি জানান।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রিজভী জানান, আমার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আমি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.আলমগির কবীর এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। সেই সাথে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ'র শাবিপ্রবি শাখা।




শাবিপ্রবি প্রতিনিধি



