দীর্ঘ আট বছর পর আবারও ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের চা বাগানগুলোতে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে সিলেটসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব, সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন চা শ্রমিকরা। নির্বাচন ঘিরে বিভিন্ন ভোটকেন্দ্রে শ্রমিকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনেক কেন্দ্রে দীর্ঘ সারিতে দাঁড়ান শ্রমিকরা। দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শ্রমিকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত শ্রম অধিদপ্তরের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার ১ লাখ ৪৫ জন। দেশের ২৩০টি চা বাগানেই একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটির ২০টি উপজেলার এসব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে।
এর আগে শুক্রবার বিকালের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
নির্বাচন কমিশনের সদস্য ও শ্রমকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসেন বলেন, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম নিয়ে আগেই কেন্দ্রে পৌঁছেছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।
এবারের নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি প্যানেলে ভোট দেবেন। এর মধ্যে একটি কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের জন্য, একটি নিজ নিজ ভ্যালির নেতৃত্ব নির্বাচনের জন্য এবং অন্যটি সংশ্লিষ্ট চা বাগানের পঞ্চায়েত কমিটি নির্বাচনের জন্য।
জেলা অনুযায়ী ভোটারের সংখ্যায় এগিয়ে রয়েছে মৌলভীবাজার। এ জেলায় ১৩৫টি চা বাগানে ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৯২ জন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি, হবিগঞ্জের চুনারুঘাটের চানপুর চা বাগানের নিপেন পাল এবং হবিগঞ্জের আমু চা বাগানের মুকেশ কর্মকার।
নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, সভাপতি প্যানেলে থাকবেন চারজন—সভাপতি, কার্যকরী সভাপতি, সংরক্ষিত মহিলা সহসভাপতি ও সাধারণ সহসভাপতি। সম্পাদক প্যানেলে থাকবেন সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা সম্পাদক ও অর্থ সম্পাদক। এর সঙ্গে সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত হবেন। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা হবে ৩০ জন।
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি একই দিনে সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাতটি ভ্যালির মধ্যে সিলেট, চট্টগ্রাম, লস্করপুর ও লংলা ভ্যালিতে তিনটি করে এবং জুড়ী, বালিশিরা ও মনু-ধলাই ভ্যালিতে দুটি করে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ ছাড়া ২৩০টি বাগান ও পঞ্চায়েত এলাকায় দুই থেকে পাঁচটি পর্যন্ত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল অনুযায়ী কমিটির সদস্যসংখ্যাও ভিন্ন। কোথাও ১১, কোথাও ১৩ আবার কোথাও ১৫ সদস্যের কমিটি রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের হিসাবে, সব মিলিয়ে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, এটি একটি বৃহৎ নির্বাচন। যারা নির্বাচিত হবেন, তারা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও চুক্তির মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন তারা।
তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য সরকার ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে। পাশাপাশি চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল নিয়োজিত রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা। নির্বাচন পরিচালনায় প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রত্যেক বুথে দুজন করে পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচন ঘিরে চা শ্রমিকদের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।




প্রতিদিন প্রতিবেদক



