সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ একটি বড় কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানের চালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত ভারতীয় কম্বলের মুল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-১২-১২২৯ নম্বরের একটি বড় কাভার্ড ভ্যান তল্লাশি করে। এ সময় ভ্যান থেকে ৫৪৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, লালমনিরহাট জেলার আদিতমারী থানার দক্ষিণ গোপধা, চাত্রাপাড় এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. আলামিন (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. সুজন (২০)।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫(১)(বি)/২৫ডি ধারায় রুজু করা হয়।
পুলিশ জানায়, আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



