প্রবাসীদের ঐক্য, পারস্পরিক ভ্রাতৃত্ব ও মানবিক কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে পর্তুগালে যাত্রা শুরু করেছে ‘দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’। সংগঠনটির কার্যক্রম গতিশীল করতে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফ আহসান । এ সময় পর্তুগালে বসবাসরত দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বিদের উপস্থিত ছিলেন। সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আহাদ আহ্বায়ক ও মাজেদ আহমদ সামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ, সদস্য সচিব সুজন মিয়া এবং সদস্য যথাক্রমে সাইদুর রহমান ডালিম, রাজন আহমদ, শানুর আহমদ, উজ্জল আহমদ ও শুভ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সেবুল আহমদ, সাবেক ছাত্রনেতা অরুন দেবনাথ সাগর, রুমেল আহমদ, সৈয়দ বশর আলী, ফাহিম আহমদ ও আনোয়ার আলীসহ আরও অনেকে। এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের বিপুলসংখ্যক প্রবাসী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটি ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সংগঠনের নেতারা জানান, প্রবাসে বিপদগ্রস্ত, অসুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করাই তাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে ‘দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’ একটি মানবিক ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে। দল-মত নির্বিশেষে পর্তুগালে বসবাসরত দক্ষিণ সুরমার সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের পাশে থাকারও আহ্বান জানান তারা।




প্রতিদিন ডেস্ক



