কারো জীবন যুদ্ধের যাত্রা শুরু লাল সবুজের পতাকার বৃত্তে, আর কারো জীবন যুদ্ধের যাত্রা শুরু নানান দেশের রঙিন পতাকার বৃত্তে কর্মব্যস্ততা, দিনের ক্লান্তি শেষে নিজ মাতৃভূমিতে ফেলে আসা স্মৃতি প্রত্যেক প্রবাসীর হৃদয়ে আঁচড় কাটে৷প্রবাসে হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে প্রতিবছরের ন্যায় এবারও কানাডায় সম্পন্ন হলো গোলাপগঞ্জ ফাউন্ডেশনের ফ্যামেলী-ফ্রেন্ডস গেট টুগেদার অনুষ্ঠান।
রবিবার (৫ জুলাই) অশোয়ার লেকভিউ পার্কে দুপুর ১২টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলে অনুষ্ঠান। ফাউন্ডেশনের সভাপতি সাব্বির চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার টরন্টোতে বসবাসরত গোলাপগঞ্জের নাগরিকবৃন্দ।
প্রকৃতির চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার হাতছানিতে নারী-পুরুষ আর শিশু-কিশোরদের পদচারণায় মিশে একাকার হয়েছিল ঐতিহ্য বাহী গোলাপগঞ্জ ফাউন্ডেশনের এ আয়োজনে। দিনব্যাপী এই আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছিল প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ। শ্রদ্ধা আর ভালোবাসার সান্নিধ্যে কুশল বিনিময় চলে একে অপরের।
অশোয়ার লেকভিউ পার্কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দিনব্যাপী চলে ছোট ছোট শিশু-কিশোরদের নানা প্রতিযোগিতা, নারীদের বিভিন্ন ধরনের খেলা আর বড়দের চিরাচরিত আড্ডা । পরিবার পরিজন নিয়ে প্রবাসী বাঙালিরা আনন্দে উৎসবে মেতে উঠে আর উপভোগ করে প্রকৃতির অবয়ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্য।
অনুষ্টানে আগত অতিথিরা অনুষ্ঠানের সকল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষে আগত অতিথিবৃন্দ ও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







